মধ্যরাতে শেষ ইলিশ শিকারের নিষেধাজ্ঞা, ৭শ জেলে দণ্ডিত
২২ দিনের নিষিদ্ধ সময়ে অবৈধভাবে শিকারে গিয়ে দণ্ডিত ৭১৬ জন জেলে কারাগারে রয়েছেন।
মধ্যরাত থেকে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় শেষ হচ্ছে। জেলেরা মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুত।
কিন্তু মাছ শিকারে নামতে পারছেন না বরিশাল বিভাগের সাত শতাধিক জেলে। ২২ দিনের নিষিদ্ধ সময়ে অবৈধভাবে শিকারে গিয়ে ধরা পড়ে দণ্ডিত এসব জেলে কারাগারে রয়েছেন।
ইলিশ মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে গত ৭ অক্টোবর থেকে আহরণ, পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা শুরু হয়। শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞার মেয়াদ।
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এ নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগের ৭১৬ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাই তারা জেলে রয়েছেন।
নাসিরউদ্দিন জানান, সবচেয়ে বেশি ৫৪০ জন জেলের কারাদণ্ড হয়েছে বরিশাল জেলায়। দ্বিতীয় অবস্থানে ভোলা জেলায়; এখানে ১০০ জনকে কারাদণ্ড দেওয়া হয়। সবচেয়ে কম একজনের কারাদণ্ড হয়েছে পিরোজপুরে।
এ ছাড়া বরগুনায় ৯ জন, ঝালকাঠিতে ১৮ জন ও পটুয়াখালীতে ৪৮ জনকে কারাদণ্ড দেওয়া হয় বলে তিনি জানান।
জেলাগুলোতে মোট মামলা করা হয়েছে ৮৫১টি এবং জরিমানা আদায় হয়েছে ১৩ লাখ ২০ হাজার ৫০০ টাকা।
নিলাম থেকে আয় হয়েছে ভোলায় ৭ লাখ ৬২ হাজার টাকা, বরিশালে ১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা, ঝালকাঠিতে ৫ হাজার ও বরগুনায় ৭ হাজার ২০০ টাকা।
ছয় জেলা থেকে মা ইলিশ উদ্ধার হয়েছে ৮ দশমিক ৫২৩ মেট্রিক টন।
সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী মাছ বাজারের আড়তদার মো. নাইম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্যরাতে নিষেধাজ্ঞা উঠে যাবে। কিন্তু জেলেরা তার আগে নদ-নদীতে মাছ শিকারে নেমে পড়েছে। মধ্যরাতের পর থেকে এবং শনিবার সকাল থেকে সাগরে শিকার শুরু হবে।
নগরীর পোর্ট রোড বরিশাল জেলা পাইকারি মৎস্য বাজারের আড়তদার ফকিরহাট মৎস্য সাপ্লায়ার্সের মালিক এম এ মাসুম জানান, নিষেধাজ্ঞা শেষে শনিবার ভোর রাত থেকে নগরীর এ ইলিশ মোকাম জমে উঠবে। তাই বাজারের ১৬০ আড়তদারদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ২২ দিন ধরে বেকার হওয়া তিন হাজার শ্রমিক কর্মব্যস্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
নিষেধাজ্ঞার পর ভালো ইলিশ আসার সম্ভাবনা রয়েছে; দামও নাগালের মধ্যে থাকবে বলে মাছ ব্যবসায়ী মাসুম জানান।
সহকারী পরিচালক নাসিরউদ্দিন জানান, আশ্বিনের বড় পূর্ণিমার আগে-পরে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ উপকুলে ছুটে এসে ডিম ছেড়ে আবার সাগরে ফিরে যায়। তাই মৎস্য বিজ্ঞানীরা ভোলার পশ্চিম আউলিয়া পয়েন্ট, তজুমদ্দিন, মনপুরা দ্বীপ, পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলি পয়েন্ট-এর ধলচর দ্বীপ, মৌলভীরচর দ্বীপ, কালিরচর দ্বীপ এবং মায়ানী পয়েন্ট ও চট্টগ্রামের মীরসরাই ছাড়াও কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টের ৭ হাজার বর্গ কিলোমিটারকে ‘ইলিশের প্রধান প্রজননস্থল’ হিসেবে চিহিৃত করেছেন।
এ বিবেচনায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মূল প্রজনন এলাকায় সব ধরনের মৎস্য আহরণসহ সারা দেশেই ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
এ সময়ে বরিশাল বিভাগের ৬ জেলার ৪১টি উপজেলার ৩ লাখ ৬ হাজার ১২০ জেলে পরিবারের মধ্যে ৯ হাজার ১৮২ টন চাল বিতরণ করা হয়েছে বলে মৎস্য বিভাগ জানিয়েছে।
মৎস্য অধিদপ্তর জানিয়েছে, দেশে উৎপাদিত ইলিশের ৬৮-৭০ ভাগই দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ নদ-নদী ও উপকূলীয় এলাকায় আহরিত হয়।
