Published : 03 Aug 2024, 05:36 PM
কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে রাজশাহীতে তিনটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
আন্দোলনকারীদের পিটুনিতে আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের এক সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কারী।
শনিবার মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, পুলিশ আন্দোলনকারীদের বিক্ষোভে বাধা দেয়নি। তাদের নির্বিঘ্নে বিক্ষোভ করতে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও তারা পুলিশ বক্সগুলোতে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
পুলিশ বক্স ভাঙচুরের ছবি তোলার সময় আন্দোলনকারীরা তালাইমারি মোড়ে নগর গোয়েন্দা পুলিশের সদস্য সাইফুল ইসলাম এবং রেলগেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়কারী রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে জখম করে।
অর্ণব কয়েকদিন আগে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় তার ওপর হামলা করা হয় বলে জানা গেছে।
তাদের দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। তারা মিছিল নিয়ে তালাইমারী পৌঁছালে সেখানে থাকা পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে।
পরে তারা মিছিল নিয়ে নগরীর রেলগেট চত্ত্বর অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তার রেলগেট পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়।
এরপর আন্দোলনকারীরা ভদ্রা মোড়ে আরও একটি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এছাড়াও রাজশাহী স্টেশন এলাকায় শ্রমিক লীগ ও রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়সহ সড়কের পাশের বেশকিছু স্থাপনাতেও ভাঙচুর চালিয়েছে তারা।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের পিটুনিতে মারাত্মক জখম হওয়া কনস্টেবল সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
বিকাল ৪টার দিকে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার হাসপাতালে সাইফুল ইসলামকে দেখতে যান। এ সময় তিনি সাইফুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে তারা সাহেববাজার জিরোপয়েন্টে, নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়, রাণীবাজার ও নগরভবনে অবস্থান নেয়।
নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মণি, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেক লীগ সভাপতি আবুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।
পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
অপরদিকে, রাজশাহীতে নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত।
শনিবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ও জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক শফিউল আলম ও হাদিউজ্জামান তাদের জামিন দেন বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের কৌসুলি ইব্রাহীম হোসেন।
জামিন পাওয়ারা হলেন- আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি, রাকিবুর রহমান, ইমরান ফরহাদ ও সৌরভ আলী।
এদের মধ্যে দুইজন মতিহার, একজন বোয়ালিয়া, একজন গোদাগাড়ী ও একজনকে পুঠিয়া থানার নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিল বলে জানিয়েছেন আইনজীবী ইব্রাহীম।