Published : 03 Apr 2026, 05:18 PM
চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। এতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি উঠে এসেছে।
শুক্রবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাসরিন।
যা এই মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা জানিয়ে তিনি বলেন, শীত পেরিয়ে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে চুয়াডাঙ্গা।তাপমাত্রা বাড়তে বাড়তে ৪০ ডিগ্রির কাছাকাছি এসেছে। সকাল থেকে থাকছে তীব্র গরম।

এদিকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় তীব্র গরম অনুভূত হচ্ছে। সকাল ১১টার পর থেকে শহরে মানুষের উপস্থিতি কমে গেছে। রোদের তীব্র তাপে হাঁসফাঁস অবস্থা মানুষের। দুপুরের পর ঘরের বাইরে মানুষের আনাগোনা আরও কমে যাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত থাকছে এ অবস্থা।
এ অবস্থায় নিম্ন আয়ের মানুষদের বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে। তীব্র গরমে যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছে দিলেও হাপিয়ে উঠছেন ভ্যান ও রিকসা চালকরা।
রোদ-গরমে বারবার গলা শুকিয়ে যাচ্ছে বাইরে বের হওয়া মানুষদের। তৃষ্ণা মেটাতে অনেকে রাস্তার পাশে বিক্রি হওয়া তরমুজ কিংবা ডাব কিনে খাচ্ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তিন দিন ধরে জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি এবং বৃহস্পতিবার ৩৮ দশমিক ৫ ডিগ্রি এবং বৃহস্পতিবার তা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছায়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিলুর রহমান বলেন, আরও দু-তিন দিন মানে ৬ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গার তাপমাত্রা এ অবস্থায় থাকতে পারে। তারপর তাপমাত্রা কমে স্বাভাবিক হতে পারে।