Published : 19 Jul 2023, 04:49 PM
কিশোরগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, সকালে সদর থানার এসআই ফজলুর রহমান বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, “পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধাদান ও ভাঙচুরের অভিযোগ এ মামলা করা হয়।”
এখন পর্যন্ত এ মামলায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জমামন পার্নেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজীব ও রাফিউল আলম নওশাদ।
এর আগে মঙ্গলবার সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
সংঘর্ষের ঘটনায় শতাধিক বিএনপি নেতা-কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে দলটি। এ ছাড়া ১০ জন পুলিশ ও দুইজন সাংবাদিকও আহত হয়েছেন।
আরও পড়ুন: