২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কেরাণীগঞ্জে রাতের আঁধারে হামলায় তরুণ খুন

‘পূর্ব শত্রুতার জেরে’ প্রতিপক্ষ এ ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কেরাণীগঞ্জে রাতের আঁধারে হামলায় তরুণ খুন

প্রতীকী ছবি

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 03:14 PM

Updated : 31 Jul 2023, 03:14 PM

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ রাতের আঁধারে প্রতিপক্ষের হামলায় এক তরুণ নিহত হয়েছেন।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জের সাতপাখি এলাকায় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

২৩ বছর বয়সি নিহত মো. সাইফুল ইসলাম উপজেলার পাড় গেন্ডারিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মাসুদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের আঁধারে সাতপাখি এলাকায় দুর্বৃত্তরা ওই তরুণের ওপর অতর্কিত হামলা চালায়। তখন তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহতের মাথায়সহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনার তদন্তে রাত থেকেই পুলিশের একাধিক দল কাজ করছে; থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদুর।