কুমিল্লায় চেম্বারে ঢুকে কুপিয়ে আহত করা চিকিৎসক মারা গেছেন
চেম্বারে প্রবেশ করে কুপিয়ে আহত করার তিন দিনের মাথায় মারা গেলেন জহিরুল।
কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ফ্ল্যাট মালিকদের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত চিকিৎসক জহিরুল হক মারা গেছেন।
চেম্বারে প্রবেশ করে কুপিয়ে আহত করার তিন দিনের মাথায় সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান বলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী জানান।
শিশু রোগ বিশেষজ্ঞ জহিরুল হক নগরীর রেসকোর্স এলাকার নুরুল হকের ছেলে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিক্ষার্থী এবং বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজের প্রভাষক ছিলেন।
জহিরুল পরিবার নিয়ে রেসকোর্স এলাকার শাপলা টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। সেখানেই তার চেম্বারও ছিল। শনিবার সেই চেম্বারে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার স্ত্রী ফারহানা আফরিন হিমিও আহত হন।
জহিরুলের ভাই মো. কামরুজ্জামান বলেন, আহত জহিরুলকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার রাতেই হিমি পাঁচজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। আসামিরা হলেন- ওই ভবনের বাসিন্দা সালাউদ্দিন মোর্শেদ ভুইয়া ওরফে পাপ্পু ও তার স্ত্রী সুমী, ছেলে আরহাম ও আহনাফ এবং ভবন নির্মাণকারী সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদ।
কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, আসামি পাপ্পুকে গ্রেপ্তারের পর রোববার কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, ঘটনার বিচার দাবি করে দোষীদের শাস্তি চেয়েছেন চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিস, সাধারণ সম্পাদক আতাউর রহমান জসীম, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বিএমপিএর সভাপতি ডা. এ কে এম আবদুস সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন।
