বাগেরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
তুচ্ছ ঘটনায় বিভিন্ন সময় তার ওপর নির্যাতন চালানো হয় বলে স্বজনদের অভিযোগ।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে; যাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে স্বজনদের অভিযোগ।
রোববার দুপুরে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান।
নিহত গৃহবধূ ওই গ্রামের পান্না ফরাজীর ছেলে বাইসাইকেল মেকানিক আরিফ ফরাজির স্ত্রী।
নিহতের ফুফাতো ভাই আব্দুর রহিম বলেন, এক বছর আগে আরিফের সঙ্গে তার মামাতো বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছিল না। তুচ্ছ ঘটনায় বিভিন্ন সময় তার ওপর নির্যাতন চালানো হতো। ছয় মাস আগে স্বামী-শাশুড়ি ও ননদ মিলে পেটালে তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়।
“রোববার সকালে আরিফ ফোন করে বলেন, ‘আপনাদের মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’ খবর পেয়ে আমরা সেখানে যাই।”
আত্মহত্যা নয়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি আব্দুর রহিমের।
এ বিষয়ে জানতে নিহতের স্বামী আরিফ ফরাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
