২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

লিটন সেপটিক ট্যাংক নির্মাণের ঠিকাদারি নিয়েছিলেন; তার সঙ্গে ছিলেন আশরাফ।

চাঁদপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

ফায়ার সার্ভিস সদস্যদের উদ্ধার অভিযান

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 02:58 PM

Updated : 19 Aug 2022, 02:58 PM

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নারায়ণপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

নিহতরা হলেন- লিটন (৪৫) ও আশরাফ (২৭)। তারা পাশের পুটিয়া এলাকার বাসিন্দা। লিটন ওই ভবনসহ সেপটিক ট্যাংক নির্মাণের ঠিকাদারি নিয়েছিলেন। আর তার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছিলেন আশরাফ।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, শুক্রবার সকালে আবুল বাশার নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করছিলেন লিটন ও আশরাফ। এরপর বেশ কিছুক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকসহ অন্যরা উঁকি দিয়ে দেখেন যে তারা অচেতন হয়ে পড়েছেন।

পরে খবর দেওয়া হলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লিটন ও আশরাফকে মৃত অবস্থায় উদ্ধার করে। দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।