মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফেনের মৃত্যু
বুধবার রাত সাড়ে দশটার দিকে সফেনকে তার ভাই মৃত অবস্থায় পান।
জামালপুরের মেলান্দহ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ফারহান জাহেদী সফেন মারা গেছেন।
মেলান্দহ পৌরসভার চারালদাইল এলাকার নিজ বাড়িতে বুধবার রাতে সফেনের মৃত্যু হয় বলে তার বড় ভাই মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন জানান।
সফেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মেলান্দহ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বেও ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শফিক জাহেদী জানান, তার ভাই পরিবার নিয়ে ঢাকায় থাকতো। বুধবার দিনে ঢাকা থেকে আন্তঃনগর তিস্তা ট্রেনে একা বাড়িতে ফেরে। রাত ৯টায় সে না খেয়ে ঘুমিয়ে যায়। রাত সাড়ে দশটায় তিনি খাবারের জন্য ডাকতে গিয়ে দেখেন সফেন আর নেই।
বৃহস্পতিবার দুপুর বেলা ২টার দিকে মেলান্দহ উমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সফেনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ জেলা আওয়ামী লীগের নেতারা সফেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
