২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ঠান্ডায় হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি হওয়া শিশুর অধিকাংশই সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত।

লালমনিরহাটে ঠান্ডায় হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা

ক্যাপশন- লালমনিরহাট সদর হাসপাতালে শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 04:47 PM

Updated : 01 Jan 2024, 04:47 PM

লালমনিরহাটে শীতের প্রকোপে হাসপাতালে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত নবজাতক ও শিশু রোগীর সংখ্যা বেড়েছে।

সোমবার সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে কয়েকগুণ। এদের অধিকাংশই শিশু। শুধু বহির্বিভাগে নয় শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে প্রায় তিনগুণ।

হাসপাতালের শিশু ওয়ার্ডে ১০ শয্যা বিশিষ্ট হলেও বর্তমানে সেখানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৬ শিশু রোগী।

লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা রেজওয়ানা হাফিজ জানান, গত এক সপ্তাহে ১১ শিশু ভর্তি হয়েছে। আর রোববার এক দিনেই ভর্তি হয়েছে ১১ শিশু। তাদের অধিকাংশই সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত।

জেলা শহরের সাকোয়া এলাকার পল্লবী রানী তার তিন বয়সি ছেলে পরম রায়কে নিয়ে বিছানা পেতেছেন হাসপাতালের মেঝেতে।

কথা হলে তিনি জানান, সকালে ছেলেকে নিয়ে এসেছি। কাঁপুনি দিয়ে জ্বর উঠছে ছেলের। ভর্তির পরপরই একবার ডাক্তার এসে দেখে গেছে। বর্তমান ছেলে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে বলে ডাক্তার জানিয়েছেন।

আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামের জেসমিন আক্তার তার ছেলে দুই বছরের জুনায়েদকে ঠান্ডাজনিত রোগের কারণে ভর্তি করিয়েছেন।

তিনি বলেন, “এ বছর এখনও সেই রকম ঠান্ডা পড়েনি। তবে গত পরশু রাত থেকে ঠান্ডার প্রকোপ অনেক বেড়েছে। ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছি। কিন্তু হাসপাতালে রোগী বেশি থাকায় ছেলের জন্য বেড মেলেনি তাই মেঝেতেই বিছানা পেতে আছি।”

মেডিকেল কর্মকর্তা রেজওয়ানা হাফিজ বলেন, হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় নবজাতক ও শিশুদের মধ্যে নানা ধরনের রোগ দেখা দিয়েছে। আগের চেয়ে আউটডোরে রোগীর চাপ বাড়ছে। এদের মধ্যে অধিকাংশ রোগী শিশু। অনেক শিশুকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।

শীতের কারণে শিশুদের সর্দি-কাশি, শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া, রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে বলে জানান তিনি।

সবাইকে পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “এই সময় নবজাতক ও শিশুদের মায়ের কাছাকাছি রাখতে হবে। ঘরের মেঝে স্যাঁতসেঁতে অবস্থায় রাখা যাবে না। শীতে তাদের কুসুম গরম পানি খাওয়াতে হবে।

“সুষম খাবারের পাশাপাশি তাদের ভিটামিন- ‘সি’ সমৃদ্ধ খাবার দিতে হবে। শিশুর ডায়রিয়া হলে ওরস্যালাইন খাওয়াতে হবে, স্যালাইনের পানি গরম করার পর ঠান্ডা করে খাওয়াতে হবে। শিশুদের ধুলোবালি থেকে দূরে রাখতে হবে।”

এ ছাড়া শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন; এতে তাদের নানা ধরনের রোগ-ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হবে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।