২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছিনতাইকারীর কবলে পাসপোর্ট খোয়ালেন ভারতীয় নাগরিক

বাঁশ ও রাম দা দিয়ে ভয় দেখিয়ে হারগোবিন্দের হাতের ল্যাপটপের ব্যাগ নিয়ে যায়। ব্যাগে তার পাসপোর্টও ছিল।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 02:37 PM

Updated : 01 Nov 2022, 04:51 PM

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় টাইলস কোম্পানিতে কর্মরত ভারতীয় এক নাগরিক ছিনতাইয়ের কবলে পড়েছেন।

এ সময় তার পাসপোর্ট এবং সঙ্গে থাকা কারখানার ব্যবস্থাপকের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার রাত ২টায় শাহজাহানপুর উপজেলার বনানী এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান শাজাহানপুর থানার কৈগাড়ী ফাঁড়ির এসআই রাজু কামাল। 

ছিনতাইয়ের শিকাররা হলেন হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামান। 

হারগোবিন্দ ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। তিনি বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রাম এলাকার পাওয়াং সিরামিকস কোম্পানির ক্লিন ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত। আসাদুজ্জামান ওই সিরামিকস কোম্পানির কারখানা ব্যবস্থাপক। 

এসআই রাজু কামাল জানান, প্রাতিষ্ঠানিক কাজে আসাদুজ্জামান ও হারগোবিন্দ কয়েকদিন আগে ভারতে গিয়েছিলেন। সোমবার তারা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসেন। বেনাপোল থেকে তারা বগুড়ার সাতমাথায় পৌঁছান রাত পৌনে ২টার দিকে। সেখান থেকে রিকশায় চড়ে তারা দুজনে কারখানায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। 

পাওয়াং সিরামিকসের সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ জানান, পথে বনানীর আগে রেশম বাগানের সামনে ৪ ব্যক্তি তাদের পথরোধ করে। তারা বাঁশ ও রাম দা দিয়ে ভয় দেখিয়ে হারগোবিন্দের হাতের ল্যাপটপের ব্যাগ নিয়ে যায়। ব্যাগে তার পাসপোর্টও ছিল। আর ব্যবস্থাপক আসাদুজ্জামানের মানিব্যাগ ও মোবাইল কেড়ে নেয় ছিনতাইকারীরা। তবে কারোই কাপড়ের লাগেজ নেয়নি। 

এসআই রাজু কামাল বলেন, কোম্পানির লোকজন রাতেই পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন। ওই এলাকাটির কিছু অংশ সদর থানার। কিছু অংশ শাজাহানপুরের। আমরা বিষয়টি নিয়ে খোঁজ-খবর করছি। কোন থানার এলাকা এটা নিশ্চিত হলে কোম্পানির পক্ষ থেকে থানায় জিডি করবে বলে জানানো হয়েছে। 

এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম  সাংবাদিকদের বলেন, ওই এলাকাটি শাজাহানপুর থানার আওতাধীন হওয়ার কথা। তবে যে এলাকাই হোক। আমরা বিষয়টির আইনগত ব্যবস্থা নিব।