১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কাপ্তাই হ্রদে ২ নৌযানের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

এ ঘটনায় বোটচালকসহ সাত যাত্রী আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

কাপ্তাই হ্রদে ২ নৌযানের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

বালু ভর্তি একটি নৌযানের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষ হয়

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 11:13 PM

Updated : 04 Nov 2022, 11:13 PM

রাঙামাটির লংগদুরে কাপ্তাই হ্রদের কাট্টলী বিলে দুইটি নৌযানের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দুপুরে ওই বিলে কাট্টলী ওয়াচ টাওয়ারের আগে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিখোঁজরা হলেন এলোমিনা চাকমা (২০) এবং রিটন চাকমা (২০)।

তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।

এ ঘটনায় বোটচালকসহ সাত যাত্রী আহত হয়েছেন। আহত ছয়জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

লংগদু থানার ওসি আরিফুল আমিন জানান, শুক্রবার দুপুরে দূরছড়ি বাজার থেকে আট যাত্রী নিয়ে একটি স্পিডবোট রাঙামাটি যাচ্ছিল। এ সময় ওই বিলে কাট্টলী ওয়াচ টাওয়ারের আগে বালু ভর্তি একটি নৌযানের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বোটে থাকা দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হন।

থানা পুলিশ এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএনও জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। পাশাপাশি স্থানীয় ডুবুরিরাও আছেন।