২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগকর্মী হত্যাচেষ্টা মামলায় কাউন্সিলর কারাগারে

হামলাকারীরা হাসপাতালের দরজা বন্ধ করে ছাত্রলীগ কর্মীদের কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে মামলার উল্লেখ করা হয়।

বরিশালে ছাত্রলীগকর্মী হত্যাচেষ্টা মামলায় কাউন্সিলর কারাগারে

ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান হোসেন সোহেল

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 10:49 PM

Updated : 29 Aug 2022, 10:49 PM

ছাত্রলীগের কয়েকজন কর্মীকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলায় বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার এক কাউন্সিলরসহ চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বরিশালের বিচারিক হাকিম শারমিন সুলতানা এ আদেশ দেন বলে ওই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা কাইয়ুম জানান।

আসামিরা হলেন- মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সোহেল মোল্লা, মিরাজ, জাহাঙ্গীর আলম ও কামরুল ইসলাম রিপন।

মামলার বরাতে মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কাউন্সিলর সোহেল মোল্লার নেতৃত্বে কয়েকজন রোববার দুপুরে ছাত্রলীগ কর্মী রিমনকে পৌর এলাকার সোনামুখী আবির এন্টারপ্রাইজের সামনে পেয়ে কুপিয়ে জখম করেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

পরিদর্শক শফিকুল বলেন, পরে কাউন্সিলরের নেতৃত্বে কয়েকজন রামদা, চাইনিজ কুড়াল, জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগেও হামলা করেন।

“সেখানে রিমনের পাশে ছাত্রলীগ কর্মী জেহাদ, আব্দুল্লাহ ও নোমান সরকার ছিলেন। হামলাকারীরা হাসপাতালের দরজা বন্ধ করে রিমনসহ অন্য কর্মীদের কুপিয়ে হত্যার চেষ্টা করেন।”

এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মালামাল তছনছ করেন তারা। ওই সময় দরজা বন্ধ করায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ইমরান খান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কাউন্সিলর শাহজাহান হোসেন সোহেলকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা শফিকুল বলেন, “মামলার আসামি হিসেবে ওই চারজনকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগার পাঠানোর আদেশ দেন।”