২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাঁইয়ো খোঁজও নিলে না, একটা কম্বলও দিলে না’

গত এক সপ্তাহ ধরে কুড়িগ্রামে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা।

‘কাঁইয়ো খোঁজও নিলে না, একটা কম্বলও দিলে না’

তীব্র শীতে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রামের চরাঞ্চল।

আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 03:06 PM

Updated : 28 Dec 2022, 03:06 PM

প্রচণ্ড শীতেও একটি কম্বল বা শীতবস্ত্র না পেয়ে আক্ষেপ জানিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার মাটি কাটার শ্রমিক মালেকা বেওয়া।

উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শীপেরপাচি গ্রামের ৪৫ বছরের বিধবা এই নারী বলেন, “বাবারে, বাড়ি ভাঙি সউগ গেইছে। এবার নতুন জাগাত আশ্রয় নিছি, কাঁইয়ো খোঁজও নিলে না, একটা কম্বলও দিলে না।”

সহায়তার অভাবে তীব্র ঠাণ্ডায় কষ্ট পেয়ে তার মতো এমন আক্ষেপের সুর শোনা গেছে কুড়িগ্রাম জেলার শ্রমজীবী মেহনতি মানুষের মুখে।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া বলেন, “প্রতিবছর চরের মানুষ কম-বেশি সহযোগিতা পেলেও এবার তেমন সাড়া মিলছে না। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া পাঁচ শতাধিক কম্বল ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হয়েছে।

“তবে যারা পাননি তারা পরিষদে এসে ভিড় জমাচ্ছেন। বিভিন্ন অভিযোগ করছেন।”

গত এক সপ্তাহ ধরে কুড়িগ্রাম তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিন মিয়া জানান, বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

এই অবস্থা আরো কিছুদিন বিরাজ করবে বলে তিনি জানান।

এদিকে সকালে ঘনকুয়াশা আর ঠাণ্ডা হাওয়ার কারণে কাঁপছেন শিশুসহ বয়স্করা। চরের খোলা প্রান্তর জুড়ে তীব্র বেগে ছুটছে হিম বাতাস। ফলে নৌকা নিয়ে পারাপার করা কিংবা মাঠে কাজ করতে ভীষণ বেগ পেতে হচ্ছে শ্রমজীবীদের। মানুষ দেরি করে মাঠে কাজে নামছে।

এ ছাড়া মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে শিশিরকনা। শহরে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার গাড়িগুলো।

স্থানীয় সমাজসেবী আবুল হোসেন (৪০) জানান, ইউনিয়নের পাশ্ববর্তী শিপেরপাচী, খাসেরচর, পোড়ারচর ও চর পার্বতীপুরে পাঁচ শতাধিক দরিদ্র পরিবার আছে। যারা প্রতিদিন শীতবস্ত্রের জন্য নদী পার হয়ে মেইনল্যান্ডে ভিড়0 জমাচ্ছে। এবার কেউ তাদের পাশে দাঁড়ায়নি।

খাসের চরের দিনমজুর ছুরমান (৫০) ও মজিবর (৪৮) জানান, নদী ভাঙার পর তারা ৪০টি পরিবার এই চরে আশ্রয় নিয়েছেন। এই শীতে এখনো কেউ তাদের কোনো খোঁজ খবর নেয় না।

একই কথা জানালেন পোড়ারচরের শরীফুল মাস্টার (৫৫) ও মাছ ধরে জীবিকা নির্বাহ করা নাদু শেখ (৫০)। তারা জানান, এই চরে প্রায় ১২০টি খানা রয়েছে। তারা কম্বলের বদলে নারীদের জন্য চাদর দিলে খুবই ভালো হতো বলে জানান।

চর পার্বতীপুরের এনতাজ (৪৫) ও মাটির শ্রমিক কদভানু (৩৮) জানান, তাদের চরে দুই শতাধিক খানা আছে।

এনতাজ বলেন, “সবাই আমাদের চরকে কিছু না দিয়ে দূরের চরে যায়। প্রতিবার আমরা সরকারি-বেসরকারি সুবিধা থেকে বঞ্চিত হই।”

কদভানু বলেন, “আমাদের মহিলা ও পুরুষদের জন্য চাদর দিলে ভালো হয়। শিশুদের জন্য কাপড় কিনতে পারি না। এ ব্যাপারে কেউ সহযোগিতা করে না।”

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান জানান, এখন পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে সাড়ে চার হাজার কম্বল দেয়া হয়েছে। এছাড়াও বেসরকারিভাবে ২৭০টি কম্বল বিতরণ করা হয়েছে। আরো চাহিদা চাওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, এর মধ্যে উপজেলাগুলোতে ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরো ১৫ হাজার কম্বল পাওয়া গেছে। এছাড়াও বেসরকারিভাবে প্রাপ্ত দুই হাজার কম্বল বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, “আমরা শিশুদের জন্য শীতবস্ত্র সংগ্রহের চেষ্টা করছি। আশা করছি সবাই মিলে আমরা শীতকে মোকাবেলা করতে পারবো।”