সিরাজগঞ্জ থেকে নিখোঁজ যমজ শিশু গাজীপুরে উদ্ধার
“শিশু দুটি মাদ্রাসায় পড়ার অনিচ্ছা থেকে পাঞ্জাবি বদলে গেঞ্জি পরে বাসে করে ঢাকায় যায়।”
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া যমজ দুই ভাইকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের তিন দিন পর বুধবার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি হোটেলে তাদের পাওয়া যায় বলে জানান বেলকুচি থানার ওসি ইমাম জাফর। এদিন সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো- উপজেলার সনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের যমজ ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)। তারা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসার ছাত্র।
পুলিশ জানায়, রোববার শাহজাদপুর উপজেলার নিজ বাড়ি থেকে বেলকুচি উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হন। দুই দিন পর মঙ্গলবার দুপুরে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুদের বাবা নজরুল ইসলাম।
ওসি ইমাম জাফর বলেন, “শিশু দুটি মাদ্রাসায় পড়ার অনিচ্ছা থেকে পাঞ্জাবি বদলে গেঞ্জি পরে বাসে করে ঢাকায় যায়। তারা চন্দ্রা এলাকার একটি হোটেলে আশ্রয় নেয়।
“সেখানকার লোকজন তাদের স্থানীয় থানায় হস্তান্তর করে। খবর পেয়ে স্বজনদের গাজীপুর থানায় পাঠানো হলে তারা শিশুদের বাড়িতে নিয়ে আসেন।”
