Published : 31 Mar 2026, 08:20 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া যমজ দুই ভাইয়ের খোঁজ মেলেনি দুই দিনেও।
ঘটনার দুই দিন পর নিখোঁজের পরিবার থেকে মঙ্গলবার দুপুরে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানান বেলকুচি থানার ওসি ইমাম জাফর।
রোববার উপজেলার নিজ বাড়ি থেকে বেলকুচি উপজেলায় অবস্থিত মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়।
নিখোঁজরা হলো- শাহজাদপুর উপজেলার সনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের যমজ দুই ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)। তারা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসার ছাত্র।
শিশুদের বাবা নজরুল বলেন, মাদ্রাসায় যাওয়ার জন্য রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে দুই ভাই নৌকায় করে এনায়েতপুরে যায়। সেখান থেকে মুকুন্দগাতি বাজার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল তারা। মুকুন্দগাতি বাজার এলাকায় যাওয়ার পর তারা নিখোঁজ হয়।
এরপর থেকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।
ওসি ইমাম জাফর বলেন, “শিশু দুটি নিখোঁজ হওয়ার স্থান এখনো নিশ্চিত হতে পারিনি। তাদের উদ্ধারে তদন্ত শুরু করেছি।”