২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে লাইনচ্যুত বগি উদ্ধার: ১৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

উদ্ধারকাজ শেষে সোমবার ভোর ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2025, 11:01 AM

Updated : 26 Aug 2026, 12:30 PM

গাজীপুরের সালনা ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ১৩ ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির এসআই মো. নাদিরুজ্জামান জানান।

এর আগে রোববার বেলা আড়াইটার দিকে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।

এসআই নাদিরুজ্জামান বলেন, “রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

“বিকালে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। পথে ঢাকা-টাঙ্গাইল রেলপথের গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছানো মাত্রই ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল প্রায় ১৩ ঘণ্টা বন্ধ ছিল।

উদ্ধারকাজ শেষে উত্তরবঙ্গের সঙ্গে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

গাজীপুরে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ