২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-টাঙ্গাইল রেলপথের গাজীপুরের সালনায় এ দুর্ঘটনার পর লাইনচ্যুত চারটি বগি রেখেই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার দিকে ছেড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ রয়েছে।

রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথের গাজীপুরের সালনায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান। 

তিনি বলেন, রোববার আনুমানিক দুপুর আড়াইটার কিছু সময় পর সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। 

“এতে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, “নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।“ 

বিকাল ৪টার দিকে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান জানান, লাইনচ্যুত চারটি বগি রেখেই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের নিয়ে ঢাকার দিকে ছেড়ে গেছে।  

ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলোর  উদ্ধার তৎপরতা শুরু করেছে, উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”