আন্দোলনে গিয়ে নিখোঁজ: ১৬ দিন পর লাশ মিলল মর্গে
“কামরুজ্জামানের মাথা ও শরীরে ৮টি গুলির চিহ্ন পাওয়া গেছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ কামরুজ্জামান নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহের সন্ধান ১৬ দিন পর ঢাকার একটি হাসপাতালের মর্গে মিলেছে।
ময়মনসিংহের গফরগাঁও চরআলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামের মো. কামরুজ্জামান গত ৪ অগাস্ট নিখোঁজ হন। ১৬ দিন পর ১৯ অগাস্ট ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার গুলিবিদ্ধ লাশের সন্ধান পান স্বজনরা।
মঙ্গলবার সকালে গফরগাঁও উপজেলার চর কামারিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে কামরুজ্জামানকে দাফন করা হয় বলে তার স্ত্রী শামীরা জাহান পপি জানান।
দুই সন্তানের বাবা ৩০ বছর বয়সী কামরুজ্জামান চর কামারিায়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আব্দুর রাজ্জাকের দ্বিতীয় ছেলে। কামরুজ্জামানের দশ বছর বয়সী বড় মেয়ের নাম জারিন, আট বছর বয়সী মেঝ ছেলের নাম আতনান এবং পাঁচ মাসের ছোট ছেলের নাম গালিব আব্রার।
কামরুজ্জামানের স্ত্রী শামীরা বলছিলেন, “আমার স্বামী ঢাকার উত্তরায় থেকে ভাড়ায় প্রাইভেট গাড়ি চালাত। তবে কিছুদিন আগে তিনি পোল্যান্ড যাওয়ার জন্য আবেদন করেছিল। এরই মাঝে দেশে আন্দোলন শুরু হলে গত ৪ অগাস্ট তিনি উত্তারায় ছাত্রদের সঙ্গে মিছিলে গিয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুজি করেও আমরা তার সন্ধান পাইনি।
“সবশেষ গত ১৯ অগাস্ট তার লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছে জানতে পারি। যেদিন সে মিছিলে গেছিল, সেদিনই সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরপর থেকে হাসপাতালের মর্গে অজ্ঞাত হিসেবে তার লাশ পড়ে ছিল।”
স্থানীয় শহীদুল ইসলাম জানান, প্রাইভেটকার চালিয়ে সংসার চালাতেন কামরুজ্জামান। তার বাবা থাকেন সৌদিতে, বড় ভাই থাকেন বেলজিয়ামে। এ কারণে সেও ঢাকার উত্তরায় বসবাস করে ড্রাইভিং করার পাশাপাশি পোল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
কামরুজ্জামানের শ্যালক জাহাঙ্গীর আলম বলেন, “মর্গে পড়ে থাকা মৃতদেহের আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্তের পর পুলিশ আমাদের খবর পাঠায়। পরে মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করে বাড়ি নিয়ে এসেছি। কামরুজ্জামানের মাথা ও শরীরে ৮টি গুলির চিহ্ন পাওয়া গেছে।”
মৃতদেহ ময়নাতদন্ত করে লাশ দাফন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কামরুজ্জামান কোন দলের রাজনীতির সাথে জড়িত ছিল না।”
চর কামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিক বলেন, “ঢাকা থেকে পুলিশের এক কর্মকর্তা আমার কাছে ফোন করে কামরুজ্জামানের ছবি পাঠায়। ওই ছবি দেখে চিনতে পেরে আমি কামরুজ্জামানের পরিবারকে জানালে তারা মৃতদেহ শনাক্ত করে বাড়িতে এনে দাফন করেছে।”
গফরগাঁও থানার ওসি মো.শাহীনুজ্জামান বলেন, “চর কামারিয়া গ্রামের একজন ঢাকায় গুলিবিদ্ধ হয়েছে। তাকে সেখানে এনে দাফন করা হয়েছে বলে শুনেছি।”
