Published : 08 Jan 2025, 07:54 PM
নোয়াখালীর জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ঙ্কার রূপে ফিরবে’- এমন লেখা ভেসে উঠার পর বিক্ষুব্ধ জনতা সেখানে ভাঙচুর চালিয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের হাসপাতাল রোডের সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেডের ফটকের ডিসপ্লেতে এই লেখা ভেসে উঠে।
এর পরই একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয়ে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে ভাঙচুর চালায় এবং দায়ীদের বিচার দাবি করে।
খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক কাজী মো. শাহজাহান নাজিম বলেন, “১৬ ডিসেম্বর রাতে প্রথম হাসপাতালে ডিজিটাল ডিসপ্লেতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে’, লেখা ভেসে উঠে। তখন আমাদের নৈশপ্রহরী সেটা ডিসকানেক্ট করে দেয়। পরে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি।
“মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় কিছু লোকজন এসে আবার ডিসপ্লেতে কানেকশন দেয়। এরপর লেখাটি পুনরায় ভেসে উঠে। ডিসপ্লের হাসপাতালের কোনো অ্যাপে, তারে বা মোবাইলে নিয়ন্ত্রণ নেই। এটি হাসপাতালের বাইরে থাকা একটি পেনড্রাইভের মাধ্যমে চলে।”
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা সিভিল সার্জন মো. মাসুম ইফতেখার বলেন, “ঘটনাস্থলে গিয়ে স্বাস্থ্য বিভাগের একটি দল তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”