Published : 14 Jul 2026, 05:28 PM
সিরাজগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর মামলায় গ্রেপ্তার এক বিএনপি নেতাকে জামিন দিয়েছে আদালত।
সিরাজগঞ্জ আদালত পুলিশের ওসি রওশন ইয়াজদানী বলেন, “মঙ্গলবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিকে হাজির করার পর তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।”
তিনি বলেন, “শুনানির সময় মামলার বাদী মানিক সাহাও আদালতে উপস্থিত ছিলেন।”
জামিন পাওয়া আশরাফুল ইসলাম টনি (৪৪) পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ার বাসিন্দা এবং সানোয়ার হোসেনের ছেলে।
সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সোমবার বিকালে আশরাফুল ইসলাম তার ফেইসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।
এ ঘটনায় সোমবার রাতে শহরের ধানবান্ধি জেসি রোড এলাকার বাসিন্দা মানিক সাহা বিএনপি নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।