Published : 08 Dec 2025, 09:10 PM
শিক্ষাখাতকে এগিয়ে নিতে মোট দেশজ উৎপাদন-জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেছেন, “পৃথিবীর বিভিন্ন দেশ দেখেছি, যেসব দেশ থেকে একসময় ঢাকায় তসবি বা রুটি বিক্রি করতে আসত। বর্তমানে সেসব দেশের ওপর বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছে।
“এটি হচ্ছে রাজনৈতিক বিভাজন, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এজন্য দেশের শিক্ষাখাতকে এগিয়ে নিতে জিডিপির এক দশমিক সাত শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশে নিয়ে আসতে হবে।”
সোমবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অ্যালামনাই আয়োজিত জনস্বাস্থ্য বিষয়ক একটি সেমিনারে এসব কথা বলেন তিনি।
অন্য কোনো খাতে বরাদ্দের অভাব না হলেও শিক্ষাখাতে সবসময় অভাব দেখানো হয় জানিয়ে আমানুল্লাহ বলেন, শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ বেশি আসবে, গবেষণায় বরাদ্দ বাড়বে, শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণায় উৎসাহী হবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “দেশের শিক্ষাব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করতে চাই; যার একটি হবে কারিগরি আর অন্যটি জেনারেল শিক্ষাব্যবস্থা। আমাদের ১৬ হাজার রাষ্ট্রবিজ্ঞানী প্রয়োজন নেই, ১৫ হাজার সমাজবিজ্ঞানী প্রয়োজন নেই।
“যারা কারিগরি কাজে ক্যারিয়ার গড়তে চান, তারা প্রথমভাগে চলে যাক এবং যারা গবেষণায় আগ্রহী তারা জেনারেল শিক্ষাব্যবস্থায় আসুক। উচ্চ শিক্ষা প্রিভিলেইজ (বিশেষ সুবিধা), কোনো মানবাধিকার নেই। মৌলিক শিক্ষা মানবাধিকারের মধ্যে পড়ে; যা রাষ্ট্রকে ঠিক করে দিতে হবে।”
সমাজবিজ্ঞান অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক শাহ মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানভীর তুরিন চৌধুরী এবং শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আল-আমীন উপস্থিত ছিলেন।