কাজেই বোঝা যাবে ইসির মেরুদণ্ড কতটা শক্তিশালী: জাহিদ হোসেন
শনিবার হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাজের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, “নির্বাচন কমিশনের কার্যক্রমেই বোঝা যাবে তাদের মেরুদণ্ড কতটুকু শক্তিশালী। তাদের কার্যক্রমের ওপর জনগণ সিদ্ধান্ত নেবে ভবিষ্যত কেমন হবে।
“নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সেটুকু করে দ্রুত জনগণের অধিকার আদায়ের সুযোগ করে দিতে হবে।”
শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।
সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার পইল সৈয়দ মিয়া কমিউনিটি সেন্টারে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত। এতে উপজেলার আট ইউনিয়নের ৫৬৮ জন বিএনপি নেতাকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
কাউন্সিলে পাঁচটি পদে ১০ প্রার্থী অংশ নিয়েছেন। এর আগে ২০১০ সালে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
