২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়; যা ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছে আদালত।

মেহেরপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মেহেরপুর আদালতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

মেহেরপুরের গাংনী উপজেলার নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোখলেসুর রহমান স্বপন।

দণ্ড পাওয়া স্বপন আলী (৩৪) গাংনী উপজেলার মোহাম্মদপুর কেলাপাড়া গ্রামের বাসিন্দা। 

পিপি স্বপন বলেন, “মোবাইলে কথা বলার এক পর্যায়ে স্বপন ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর সকালে স্বপন মোবাইল ফোনে মেয়েটিকে ডেকে নেন।

“সারাদিন বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর রাতে মেয়েটিকে উপজেলার একটি গ্রামের নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান স্বপন। পরদিন সকালে মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি তার পরিবারকে জানান।”

পরে ভুক্তভোগীর বাবা আদালতে মামলা করেন বলে জানান পিপি স্বপন।

তিনি বলেন, মেয়েটির জবানবন্দি এবং ডাক্তারি পরীক্ষায় স্বপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। 

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে; যা ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

যদি আসামির সম্পদ থেকে অর্থ আদায় সম্ভব না হয়, তাহলে ভবিষ্যতে অর্জিত সম্পদ থেকে তা আদায় করা হবে বলে জানান জানান পিপি স্বপন।