Published : 14 Mar 2026, 09:36 PM
নেত্রকোণায় সুফি সাধক হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমির (রহ.) জীবন ও প্রভাব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার উদ্যোগে এই আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি কনক পণ্ডিতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অধ্যাপক ননী গোপাল সরকার, গবেষক গোলাম মোস্তফা, অধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, কবি এনামুল হক পলাশ, সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ।
অধ্যাপক ননী গোপাল সরকার বলেন, “রুমির নেত্রকোণায় আগমনের মধ্য দিয়ে এ অঞ্চলে সুফিবাদের প্রচার ঘটে। তার মানবতা, সাম্য ও আধ্যাত্মিক চর্চার শিক্ষা মানুষের মধ্যে ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি করে এবং এর মাধ্যমে এই অঞ্চলে ইসলামের প্রসার ঘটে।”
অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, “সুফিবাদ মানুষকে সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতার শিক্ষা দেয়। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সুফি সাধকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কবি এনামুল হক পলাশ বলেন, “আধ্যাত্মিকতা, মানবিকতা ও সহনশীলতার শিক্ষা দিয়েই সুফিবাদ মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছে।”
সুফি দরবেশ রুমির দরগাহ নেত্রকোণা জেলার মদনপুরে অবস্থিত। সেখানে প্রতিবছর ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে জেলার লাখ লাখ মানুষের সমাগম হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য ইফতার পরিবেশন করা হয়।