Published : 24 Aug 2026, 07:57 PM
লালমনিরহাটের পাটগ্রামে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) লুৎফর রহমান।
দণ্ড পাওয়া আরিফুল ইসলাম লেলিন (৪৫) রংপুর কোতোয়ালি থানার খটখটিয়া এলাকার বাসিন্দা। তিনি পাটগ্রাম উপজেলার একটি গ্রামে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে বসবাস করতেন।
মামলার বরাতে পিপি লুৎফর রহমান বলেন, দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন এক বিধবা নারী। ২০১৫ সালে লেলিনের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। সেই সুবাদে লেলিন ওই বাড়িতে যাতায়াত করতেন। এর মধ্যে বাড়ি ফাঁকা পেয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া সৎ মেয়েকে ধর্ষণ করেন লেলিন।
২০১৯ সালের ২৬ জুলাই ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় মেয়েটিকে ডেকে তুলে আবার ধর্ষণ করেন লেলিন। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।
পরে এ ঘটনায় ওই বছরের ৮ অগাস্ট ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে পাটগ্রাম থানায় সৎ বাবা লেলিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন বলে জানান পিপি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম করাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান।
আপিল নিষ্পত্তির সময়সীমা পার হওয়ার পর আসামির সম্পত্তি থেকে জরিমানার অর্থ আদায় করা যাবে বলে জানান তিনি।