Published : 20 Sep 2025, 08:48 PM
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপায় গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানান গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক এস এম ইমতিয়াজ হোসেন।
আহতরা হলেন- ওই গ্রামের মাহিনুর (৬৬), মোজাম্মেল হক (৫০), জরিনা খাতুন (৪৪), মো. আশরাফুল (৩৮), শাহিনুর (৩০) এবং জিহাদ (৫)।
স্থানীয় ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, দুপুরের দিকে গৃহবধূ শাহিনুর নিজ বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। হঠাৎ একটি শিয়াল তাকে আক্রমণ করে। তার ডাক-চিৎকার শুনে পরিবার ও আশেপাশের লোকজন উদ্ধার করতে গেলে তাদেরও আক্রমণ করে শিয়ালটি। এতে আরও পাঁচজন আহত হন।
পরে এলাকাবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে বলে জানান তিনি।
আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চিকিৎসক এস এম ইমতিয়াজ হোসেন বলেন, আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।