পাওনা টাকা নিয়ে কয়েক গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক
পুলিশ ও স্থানীয়রা জানায়, সংঘর্ষের সময় সড়কের উভয় পাশে আটকা পড়ে বহু যানবাহন। মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাওনা টাকা নিয়ে সাত গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শতাধিক।
উপজেলার মিরপুর বাজারে সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, মিরপুর বাজারে টাকা পাওনাকে কেন্দ্র করে বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের আলফু মিয়ার সঙ্গে বানিয়াগাও গ্রামের জহুরুল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতে জড়িয়ে পড়ে বানিয়াগাও ও লামাতাসি গ্রামের মানুষ।
দেশীয় অস্ত্র লাঠি-সোটা নিয়ে দুই গ্রামবাসী মিরপুর পয়েন্টে অবস্থান নেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মাইকে ঘোষণা দেওয়া হলে বানিয়াগাও গ্রামবাসীর সঙ্গে পশ্চিম জয়পুর ও লামাতাসির সঙ্গে পাশের আরও গ্রামের লোকজন যোগ দেয়। সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত।
ওসি মশিউর বলে, “এর জেরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ফের উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সময় মিরপুর বাজার এলাকায় বন্ধ থাকে সকল দোকানপাঠ। সড়কের উভয় পাশে আটকা পড়ে বহু যানবাহন।
“ভয়াবহ সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় শতাধিক লোকজন আহত হয়েছেন।”
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
