২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ৯ শিক্ষার্থী আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 05:57 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশজুড়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের সময় দিনাজপুরে নয় শিক্ষার্থীসহ এক অভিভাবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয় বলে জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।

শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির সমর্থনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বললে শিক্ষার্থীরা অনড় থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বাধ্য এবং সেখান থেকে নয় শিক্ষার্থীকে আটক করে। 

এ সময় আটকদের সঙ্গে স্বেচ্ছায় এক শিক্ষার্থীর অভিভাবক আটক হন বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, “আটকদের বিষয়ে যাচাই-বাছাইয়ের আগে সংখ্যা ও পরিচিতি জানানো সম্ভব নয়। নিরীহ কাউকে আইনের আওতায় আনা হবে না।”