Published : 14 Apr 2026, 01:44 AM
সুনামগঞ্জে বর্ষবরণের অনুষ্ঠান করার অনুমতি না পাওয়ার অভিযোগ তুলেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
এ ঘটনার নিন্দা জানিয়ে সোমবার রাতে সংগঠনটির জেলা সংসদ একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জে নানা আয়োজনে প্রতিবছরই তারা পহেলা বৈশাখ উদযাপন করে। এবারও জেলার ‘ঐতিহ্য জাদুঘর’ প্রাঙ্গণে অনুষ্ঠানের জন্য তারা গত ৮ এপ্রিল জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন পাঠায়।
“জেলা প্রশাসক মৌখিকভাবে জানান, উক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন করতে হলে গানের ও অন্যান্য পরিবেশনার তালিকা জমা দিতে হবে। এ বিষয়ে সংগঠনের কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেয়, একটি স্বাধীন ও গণমুখী সাংস্কৃতিক সংগঠন হিসেবে উদীচী প্রশাসনের কাছে গানের ও অন্যান্য পরিবেশনার তালিকা দিতে বাধ্য নয়।”
সংগঠনটির ভাষ্য, এর পরিপ্রেক্ষিতে বিকল্প হিসেবে তারা রিভার ভিউয়ের বটতলায় বর্ষবরণ উৎসব আয়োজনের প্রস্তুতি নেয়।
“কিন্তু দুঃখজনকভাবে, পহেলা বৈশাখের আগের দিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুঠোফোনে জানিয়ে দেন যে, সুনামগঞ্জ শহরের কোনো স্থানেই উদীচী বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করতে পারবে না।”
বিজ্ঞপ্তিতে উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি শীলা রায় ও সাধারাণ সম্পাদক জহির উদ্দিন বলেন, “আমরা মনে করি, এ ধরনের আচরণ স্বাধীন সংস্কৃতিচর্চাকে বাধাগ্রস্ত করছে। এমন পরিস্থিতিতে উদীচী তাদের সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে সরে আসবে না। শহরের যেকোনো উন্মুক্ত স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রুহুল তুহিন বলেন, “দীর্ঘদিন ধরে দেখে এসেছি উদীচী সুনামগঞ্জে নিয়মিত পয়লা বৈশাখ উদযাপন করে আসছে। অতীতে কোনো সরকারই তাদের বাধা দেয়নি।
“সুনামগঞ্জ জেলা প্রশাসন কার স্বার্থে ও কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানতে চাই। উদীচীর অনুষ্ঠানে বাধা মানে স্বাধীন সংস্কৃতিচর্চায় বাধা।”
উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, “লিখিত আবেদন করার পর আমাদের কাছে অনুষ্ঠানের তালিকা চাওয়া হয়। এটাকে আমাদের স্বাধীন সংস্কৃতিচর্চার প্রতি হস্থক্ষেপ মনে করায় আমরা তালিকা দেইনি।
“অতীতে প্রশাসন আমাদের কাছে এমন আবদার করেনি। মূলত আমাদের বাধা দিতেই প্রশাসন এমন ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েছে। তবে গণমানুষের প্রতি দায়বদ্ধতার কারণেই আমরা উন্মুক্ত স্থানে আয়োজন করব।”
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তারা ফোন ধরেননি।