২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ৫০ কেজি ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুরে তৈরি হাজারি গুড়ের সুনাম অক্ষুণ্ন রাখতে এ অভিযান চালানো হয়েছে বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক।

মানিকগঞ্জে ৫০ কেজি ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল গুড় ধ্বংস করা  হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 04:29 PM

Updated : 22 Dec 2022, 04:29 PM

মানিকগঞ্জের শিবালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। এ সময় ভেজাল গুড় তৈরির দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত হরিরামপুর ও শিবালয় উপজেলায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূলত হরিরামপুর উপজেলায় হাজারি গুড় তৈরি হয়। এই গুড়ের সুনাম নষ্ট করে কেউ যেন ভেজাল গুড় তৈরি করতে না পারে তার জন্য উপজেলার ঝিটকা, গোপীনাথপুরসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে এ উপজেলায় ভেজাল গুড় তৈরি করতে দেখা যায়নি।

“পরে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইনতাজগঞ্জ এলাকায় গিয়ে  রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী মশগুল হোসেনকে খেজুর রসের সাথে চিনি ও চুন দিয়ে ভেজাল গুড় প্রস্তুতের সময় হাতেনাতে ধরি। এ সময় প্রায় ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করি। একইসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, থানা পুলিশের একটি চৌকস দল ও আনসার সদস্যরা সহযোগিতা করে বলে জানান তিনি।