২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় দিনের মৃদু শৈত্যপ্রবাহ শেষে কিছুটা স্বস্তিতে পঞ্চগড়ের মানুষ

বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল ৯টায় সর্বনিম্ন  তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 12:55 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

টানা ছয়দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে।তা শেষ হয়ে তাপমাত্রা ১০ ডিগ্রি অতিক্রম করায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। 

বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল ৯টায় সর্বনিম্ন  তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানিয়েছেন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়। 

তিনি জানান, ১৩ ডিসেম্বর থেকে এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। 

পরে ছয় দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে, ৮ দশমিক ৮ ডিগ্রির ঘরে।

তবে মৃদু শৈত্য প্রবাহ হলেও প্রতিদিন সকালেই সূর্যের মুখ দেখা গেছে জেলার মানুষ। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রাও। মঙ্গলবার দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৭ দশমিক ৩ ডিগ্রি।

আবার দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ে।

বৃহস্পতিবার সকালেও ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিক। তাপমাত্রা একটু বেড়ে যাওয়ায় তীব্র শীতের জড়তা কাটিয়ে পঞ্চগড়ের প্রকৃতি ও জনপদে একটু চনমনে হয়ে উঠেছে। 

বোদা উপজেলার বাইপাস মোড় এলাকার ভ্যান চালক আমিনুল ইসলাম জানান, “গত কয়েক দিন প্রচণ্ড ঠান্ডা ছিল সকালে ও বিকালে। এতে ভ্যানে যাত্রী কম হত, আয়ও কমে গিয়েছিল।  তবে (বৃহস্পতিবার) সকালে সূর্যের তাপ বেড়ে যাওয়া কষ্টটা একটু কমেছে।” 

বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রামের কৃষি শ্রমিক মাণিক বলেন, “কয়েক দিন বেশি ঠান্ডার কারণে জমিতে কাজ করতে খুব কষ্ট হয়েছে। সূর্যের আলোর তেজ বেড়ে যাওয়ায় এখন ঠান্ডা কিছু কম লাগছে। ”

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ কেটে গিয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ঠান্ডা থাকলেও মৃদৃ শৈত্য প্রবাহ কেটে যাওয়ায় মানুষ জনের মধ্যে একটু স্বস্তি ফিরে এসেছে।”