Published : 23 Jun 2026, 07:12 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছেলের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে তার সঙ্গে সম্পর্ক ত্যাগের ঘোষণা দিয়েছেন এক ব্যক্তি।
সোমবার রাতে গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার একটি ফার্নিচারের দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ৬৫ বছর বয়সী আব্দুল ওহাব শেখ।
টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের এ বাসিন্দা লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।
তিনি দাবি করেন, তার ছোট ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো পদ-পদবি না থাকলেও তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন।
আব্দুল ওহাব শেখ বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টের পর তিনি ছেলের এ সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তাকে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও তিনি তাতে সাড়া দেননি।
এ কারণে পরিবারের পক্ষ থেকে সজীব শেখের সঙ্গে সম্পর্ক ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
তিনি বলেন, “এখন থেকে সজীব শেখের কোনো কর্মকাণ্ডের দায়ভার আমাদের থাকবে না। তার কাজের দায়িত্ব সে নিজেই বহন করবে।”
ওই সংবাদ সম্মেলনের পর একটি ভিডিও বার্তায় সজীব শেখ বলেন, “এ কারণে গত দেড় বছর ধরে আমি পরিবার থেকে আলাদা আছি। সংসার, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের থেকেও দূরে রয়েছি।”
“আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি সমর্থন থাকার কারণেই বাবা আমাকে ত্যাজ্য করেছেন। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।”