ময়লার ভ্যানে সরকারি ওষুধ পাচার: শরীয়তপুর হাসপাতালের ২ কর্মী আটক
“তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরে বস্তা খুলে পাওয়া যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ।”
শরীয়তপুর সদর হাসপাতালে ময়লার ভ্যান ব্যবহার করে সরকারি ওষুধ পাচারের সময় এক পরিচ্ছন্নতা কর্মী ও ডোমের সহকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে হাসপাতালের ময়লা বহনকারী ভ্যানগাড়িতে করে ওষুধ বাইরে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত আনসার সদস্যরা তাদের আটক করে বলে পালং মডেল থানার ওসি শাহ্ আলম জানিয়েছেন।
আটকরা হলেন- তুবেল হরিজন (৩৫) ও ইবাদুল মিয়া (৫৫)।
হাসপাতালের আনসার সদস্য সোবহান মিয়া বলেন, “ময়লা পরিবহনকারী একটি ভ্যান হাসপাতাল থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তা তল্লাশি করা হয়।
“তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরে বস্তা খুলে পাওয়া যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ।”
উদ্ধার করা ওষুধের মধ্যে প্রায় নয় হাজার ভিটামিন ট্যাবলেট, সিরিঞ্জ ও সরকারি সিলযুক্ত অন্যান্য সামগ্রী ছিল বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার পর হাসপাতালের আনসার সদস্যরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওষুধসহ দুই কর্মীকে আটক করে। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তুবেল হরিজন জানান, হাসপাতালের ফার্মেসিতে কর্মরত বিকাশ কুমার তাদের এসব ওষুধ বাইরে নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে বিকাশ কুমারকে একাধিকবার করেও সাড়া মেলেনি।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, “এটি একটি ভয়ঙ্কর ঘটনা। তারা কতদিন ধরে এ কাজ করে আসছেন, সেটি দেখতে হবে।”
একটি কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হোতাদের খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
ওসি শাহ্ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
