০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে ট্রলার ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

গত ২ মে হিজলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 06:42 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

কালবৈশাখী ঝড়ে বরিশালের হিজলা উপজেলার মেঘনার শাখা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার সকালে মেঘনা নদীর বাহেরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে হিজলা নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানিয়েছেন।

উদ্ধার হওয়া লাশটি জেলে সিপন মাইলতার (২০)। তিনি উপজেলার ধুলখোলা পালপাড়া উত্তরের চর এলাকার আলম মাইলতার ছেলে।

গত ২ মে মেঘনার শাখা নদীতে হিজলা উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এ সময় ট্রলারে থাকা চারজনের মধ্যে দুজন তীরে এলেও সিপন ও একই এলাকার বাসিন্দা জুয়েল সরদার (২১) নিখোঁজ হয়।

পরিদর্শক গৌতম মণ্ডল বলেন, “সকালে ভাসমান অবস্থায় সিপনের লাশ দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে তার লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”