ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত ২০
প্রজননের সময় কুকুর আচরণগতভাবে ক্ষিপ্ত থাকে বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
ঝিনাইদহ সদরের কয়েকটি এলাকায় কুকুরের কামড়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ও শনিবার সকালে শহরের আরাপপুর মাস্টারপাড়া, উকিলপাড়া ও সদর উপজেলার হলিধানী এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার জানান, হাসপাতালে কুকুরের কামড়ে আহত বেশ কয়েকজন রোগী এসেছিলেন। এর মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
আরাপপুর এলাকার বাসিন্দারা জানান, শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত আরাপপুরসহ বিভিন্ন স্থানে একটি কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। এলাকাবাসী তাড়া করলে কুকুরটি শহরের বাইরে চলে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন আরাপপুর এলাকার রহিমা খাতুন বলেন, “আমি সকালে হাঁটতে বের হই। এই সময় একটি লাল রংয়ের কুকুর আমাকে কামড়িয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে শুনি রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে।”
একই এলাকার নাজমা খাতুন বলেন, “আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসতেই কুকুরটি কামড় দিয়ে পালিয়ে যায়। অনেককে কামড়িয়ে মাংস ছিঁড়ে নিয়েছে। পরে লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে শুনেছি।”
এ ছাড়া সদর উপজেলার হলিধানী এলাকায় আরেকটি কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ সময় কুকুর থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার সরকার বলেন, “এখন কুকুরের প্রজননের সময়। এ সময় কুকুর আচরণগতভাবে ক্ষিপ্ত থাকে। দল বেঁধে রাস্তায় ঘুরে বেড়ায়। এ সময় তাদের এড়িয়ে সাবধানে চলাফেরা করা ভালো।”
তবে জেলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা কত তা বলতে পারেননি এই কর্মকর্তা।
