২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

পুলিশ জানায়, বিদ্যুতের সুইচ বন্ধ না করেই রাইস কুকার নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 11:43 AM

Updated : 26 Aug 2026, 09:49 AM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ২৮ বছর বয়সী তামান্না জান্নাত নিশাত ওই গ্রামের ইকরামুল কাওসার সুজনের স্ত্রী। এই দম্পতির ঘরে একটি সন্তান রয়েছে।

ওই গৃহবধূর পরিবারের বরাতে ওসি বলেন, “নিশাত রাখা রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতের সুইচ বন্ধ না করেই রাইস কুকার নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

“এ সময় তার ননাস আফরোজা আক্তার বিউটি দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেন। পরে তারা নিশাতকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।