২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাউল দিবসের’ দাবিতে ময়মনসিংহে গানে গানে পদযাত্রা

২৭ নভেম্বরকে ‘বাউল দিবস’ হিসাবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে ময়মনসিংহ বাউল সমিতি।

‘বাউল দিবসের’ দাবিতে ময়মনসিংহে গানে গানে পদযাত্রা
রাষ্ট্রীয়ভাবে ‘বাউল দিবস’ পালনের দাবিতে ময়মনসিংহে পদযাত্রা করেন বাউল শিল্পীরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 05:47 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

ময়মনসিংহে আধ্যাত্মিক গানের সঙ্গে পদযাত্রা থেকে রাষ্ট্রীয়ভাবে ‘বাউল দিবস’ পালনের দাবি জানিয়েছেন বাউল শিল্পীরা। 

বুধবার সকালে ময়মনসিংহ জেলা বাউল সমিতির উদ্যোগে নগরীর বুড়াপীরের মাজার থেকে এই পদযাত্রা শুরু করেন শিল্পীরা। পদযাত্রা শেষে এশিয়ান সংগীত জাদুঘরে বাউল গান পরিবেশন করেন বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা।

একই দাবিতে দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম।  

বাউল শিল্পী রেজাউল করিম আসলাম বলেন, “বাউল গান শুধু গান নয়, এটি একটি আধ্যাত্মিক পথ। এতে মানবতা, প্রেমের সহনশীলতা ও সত্যের প্রতীক রয়েছে। বাউল গান মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলে, সমাজকে একত্রিত করে।”

তিনি জানান, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) বাউল গানকে ‘মানবতার মৌখিক ও অমূর্ত ঐতিহ্যের ধারক’ হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের বাউল গানকে অসাধারণ সৃষ্টি বলে একে বিশ্ব সভ্যতার সম্পদ বলেও ঘোষণা দিয়েছে ইউনেস্কো। 

যা বাউল গানের গুরুত্বকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করেছে এবং এই গানকে বিশ্বের মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তাই ২৭ নভেম্বরকে ‘বাউল দিবস’ হিসাবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানাচ্ছে ময়মনসিংহ বাউল সমিতি। 

পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন সমিতির নেতারা। কমিশনারের পক্ষে তা গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।

স্মারকলিপিতে সমিতির পক্ষ থেকে বলা হয়, “ময়মনসিংহ জেলার প্রায় ৫০০ বাউল শিল্পী, যন্ত্র শিল্পীদের নিয়ে বাউল সমিতি গঠন করা হয়েছে। বাউল শিল্পীদের জীবন-জীবীকা নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই হতদরিদ্র, প্রতিবন্ধী, অস্বচ্ছল বাউল শিল্পীদের জন্য বাউল সঙ্গীত পরিবেশনের পরিবেশ তৈরি করা অত্যন্ত প্রয়োজন।”

এ বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেন, তিনি বাউলদের দাবির বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং তাদের দাবি পূরণে যথাসাধ্য চেষ্টা করবেন। 

এসময় ময়মনসিংহ জেলা বাউল সমিতির সভাপতি বাউল সুনিল কর্মকার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাউল গফুর, বাউল সেতারা বেগম, বাউল সুনিল কর্মকার, বাউল রফিক, বাউল মালেকা উপস্থিত ছিলেন।