২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাসিয়াদের পুরনো বর্ষের বিদায় আর নববর্ষের আবাহন

এবার খাসিয়া জনগোষ্ঠী ১২৬তম বর্ষবিদায় উৎসব উদযাপন করেছে।

বিডিনিউজ২৪

বিকুল চক্রবর্তী. মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

মৌলভীবাজারের কমলগঞ্জে খাসিয়ারা তাদের পঞ্জিকা অনুযায়ী, পুরনো বছরকে বিদায় জানানোর পাশাপাশি নতুন বছরকে বরণের উৎসব উদযাপন করেছেন। এই উৎসবকে তারা বলেন ‘খাসি সেং কুটস্নেম’।  

এবার খাসিয়া জনগোষ্ঠী ১২৬তম বর্ষবিদায় উৎসব উদযাপন করেছে। রোববার থেকে নতুন বর্ষ শুরু হয়েছে। নতুন বছর যেন ভালো ফসল পাওয়া যায় সেই প্রার্থনাই তারা উৎসবের মাধ্যমে রেখেছেন। 

শনিবার বিকাল থেকেই কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে ‘খাসি সেং কুটস্নেম’ এর উৎসব শুরু হয়। সেখানে গিয়ে দেখা যায়, খাসিয়ারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা ও বিদেশি পর্যটকরাও।   

নানা বর্ণের কাজ দিয়ে মাঠকে সাজানো হয়েছে। মাঠের চারপাশে বাঁশ, তালপাতা, খেজুরপাতা ইত্যাদি দিয়ে সাজানো ছোট ছোট দোকান। পাশাপাশি আয়োজন করা হয়েছে নানা প্রতিযোগিতার। অনুষ্ঠানটির আয়োজন করে খাসি সোশ্যাল কাউন্সিল।

শ্রীমঙ্গল লাউয়াছড়া খাসি পুঞ্জির হেডম্যান পিলা পত্মী বলেন, “এ বছর আমরা ১২৬তম বর্ষকে বিদায় দিয়েছি এবং ১২৭তম বর্ষকে বরণ করেছি।”

প্রতিযোগিতার জন্য মাঠের এক পাশে তৈলাক্ত বাঁশের উপরে রাখা হয়েছে একটি মোবাইল ফোন। তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠার চেষ্টা করছেন অনেকে। অনেক চেষ্টার পর একজন বাঁশ বেয়ে উপরে উঠে ফোনটি জিতে নেন। 

আরেক পাশে ধনুক নিয়ে লক্ষ্য স্থির করে তীর ছুড়ছেন কয়েক তরুণ। কেউ আবার গুলতি দিয়ে সামনে রাখা লক্ষ্যে ছুড়ে মারছেন। 

নারীরা ব্যস্ত পান গোছানোর প্রতিযোগিতায়। কার আগে কে কত বেশি পান গোছাতে পারেন তা নিয়েই এই প্রতিযোগিতা।  

কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জির হেডম্যান পিডিসন প্রধান সুচিয়াং বলেন, এ ধরনের উৎসব নিজেদের সামাজিক সম্পর্ককে সুদৃঢ় করে।

আদিবাসী নেতা সাজু মারছিয়াং ও পিডিসন প্রধান সুচিয়াং বলেন, এটি ১২৬তম বর্ষবিদায় হলেও তারা মৌলভীবাজারে তা উদযাপন করে আসছেন ২০০৯ সাল থেকে। 

উৎসবে সিলেট বিভাগের প্রায় ৫০টিরও বেশি খাসিয়া পুঞ্জির মানুষ অংশ নেন।