টাঙ্গাইল সদর থানার তালা খুলে কার্যক্রম শুরু
দুই দিন আগে শেখ হাসিনা সরকারের পতনের পর শহরের সার্বিক অবস্থা বিবেচনা করে থানার কার্যক্রম বন্ধ রাখা হয় বলে জানান পুলিশ সুপার।
টাঙ্গাইল জেলা প্রশাসন, রাজনীতিবিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে সদর থানার তালে খুলে দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় সকলের উপস্থিতিতে তালা খোলার পর কার্যক্রম শুরু হয় বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নুর তুষার, ইফফাত রাইসা নূহা, লুৎফুন নাহার তৃপ্তি এবং মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার গোলাম সবুর বলেন, “সারা দেশে যে সমস্ত থানার কার্যক্রম বন্ধ রয়েছে, সেগুলো দ্রুত খুলে কার্যক্রম শুরু করার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নির্দেশ দিয়েছেন।
“সে মোতাবেক সকলের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা খুলে দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।”
সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ধ্যা থেকে শহরের সার্বিক অবস্থা বিবেচনা করে টাঙ্গাইল সদর থানার কার্যক্রম বন্ধ ছিল বলে জানান পুলিশ সুপার।
