পাবনা-৩ আসনের ভোট পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর
“ফলাফলের পরে এমন আবেদন গ্রহণযোগ্য নয়, এটি নির্বাচন কমিশন বরাবর করতে হবে। ”
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে নির্বাচনি ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন।
বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন।
বৃহস্পতিবার সারাদিন পাবনা-৩ আসনের মোট ১৭৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর ভোট গণনা শুরু হয়। গণনায় মোট ১৭৮টি কেন্দ্রের ফলাফলে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে তীব্র লড়াই দেখা যায়।
ফলাফলে জামায়াতে ইসলামীর আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পান ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
পোস্টাল ব্যালটসহ দুই প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র ৩ হাজার ২৬৯। অল্প ব্যবধানে এই হার মেনে নিতে না পেরে হাসান জাফির তুহিন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রতিটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন।
তিনি আবেদনে উল্লেখ করেন, “সকল কেন্দ্রে ভোট গণনায় ও প্রদত্ত ফরম-১৬ এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। বাতিল বোটের সংক্যঅ অস্বাভাবিকের চেয়ে বেশি, অনেক ভোট কেন্দ্রে পোলিং এজেন্টদের ফলাফল না লিখেই অপূরনকৃত ফরম-১৬ এ স্বাক্ষর নেয়া হয়েছে।
এজেন্টদের উপস্থিতি সত্ত্বেও কিছু কেন্দ্রে সঠিকভাবে ফলাফল সঠিকভাবে উপস্থাপক করা হয়নি এবং কেন্দ্র ভিত্তিক ভোটের হিসেব ও মোট ফলাফলে গড়মিল রয়েছে বলে অভিযোগ করেন।
পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা বলেন, “পাবনা-৩ এর বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন সাহেব একটি আবেদন দিয়েছেন। ফলাফলের পরে এমন আবেদন গ্রহণযোগ্য নয়, এটি নির্বাচন কমিশন বরাবর করতে হবে।
“আর যে বিষয়টি উল্লেখ করার মতো সেটা হলো, উনার পোলিং এজেন্টরা তাৎক্ষণিকভাবে অভিযোগ দিলে সেটা আমরা আমলে নিয়ে দেখতাম। ফলাফলের পর এমন আবেদন গ্রহণযোগ্য নয়।”
