Published : 19 Nov 2025, 06:07 PM
শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড় থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের রাংটিয়া-গজনী সড়কের পাশে মিলনটিলা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন।
প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। গলায় গামছা পেঁচানো লাশটির সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।
ওসি আল আমিন বলেন, বুধবার নারীর অর্ধগলিত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে জানায়। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ওসি বলেন, মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা সেটি ময়নাতদন্তের পরে জানা যাবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিভাগের (পিবিআই) একটি দল কাজ শুরু করেছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।