Published : 06 Mar 2026, 10:59 PM
নরসিংদীর মাধবদীতে মোবাইল ফোনে পরিচয় হওয়া যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছেন এক গৃহবধূ।
ঘটনার পরদিন শুক্রবার সকালে ভুক্তভোগী চার সন্তানের জননী থানায় মামলা করলে বিকালে এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের একটি গ্রামে ৪০ বছর বয়সি ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হৃদয় মিয়া (২৫) একই উপজেলার খড়িয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা হলেও মাধবদী পৌর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন।
মামলার বরাতে ওসি কামাল হোসেন বলেন, “কয়েকদিন ধরে আড়াইহাজার এলাকার এক যুবকের সঙ্গে ওই নারীর মোবাইল ফোনে পরিচয় হয়। ঘটনার দিন বিকালে ওই নারী সন্তানদের নিয়ে আড়াইহাজার পৌরসভা এলাকার একটি মার্কেটে ঈদের কেনাকাটা করতে যান।
“কেনাকাটার পর সন্তানদের বাসায় পাঠিয়ে ওই নারী একা কাঁঠালিয়া ইউনিয়নে ওই যুবকের সঙ্গে দেখা করতে যান। রাত ৮টার দিকে ওই এলাকার একটি মাছের খামারে পৌঁছালে ওই যুবক তাকে রাস্তার পাশে পুকুরপাড়ে নিয়ে যান।”
“সেখানে আগে থেকে অপেক্ষায় থাকা আরও তিনজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে বলা হয়। পরে ওই নারীর মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সাও ছিনিয়ে নেন তারা”, বলেন ওসি।
কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার কাঠালিয়া এলাকা থেকে হৃদয় মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ছাড়া ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে ২৬ ফেব্রুয়ারি মাধবদী এলাকায় বাবার কাছ থেকে ১৫ বছরের এক কিশোরীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। এ মামলায় আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার রেশ না কাটতেই আবার একই এলাকায় ধর্ষণের ঘটনা ঘটল।