গণঅধিকার পরিষদ: গোপালগঞ্জে কমিটি ঘোষণার দুই দিন পর ৫৯ জনের পদত্যাগ
বিভাগীয় উপ-কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ তুলেছেন পদত্যাগকারী নেতারা।
গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণার দুই দিনের মাথায় সভাপতিসহ ৫৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিভাগীয় উপ-কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ তুলেছেন পদত্যাগকারী নেতারা।
সোমবার সংবাদকর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ নেতার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদ্য পদত্যাগ করা সভাপতি মো. আল আমিন সরদার।
এর আগে রোববার আল আমিন সরদারসহ ৫৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ই-মেইলের মাধ্যমে চিঠি দিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। নতুন কমিটির সভাপতি- আল-আমীন সরদার ও সাংগঠনিক সম্পাদক কে এম নাজমুল ইসলামসহ ৫৯ জন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারীদের অভিযোগ, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা কোনোভাবে বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বঞ্চিত করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে; যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।
পদত্যাগ করা নেতাদের দাবি, সবসময় দলের প্রতি অনুগত থেকেও তারা কমিটিতে প্রাপ্য স্থান পাননি। এমতাবস্থায় তাদের পক্ষে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। পদত্যাগ করলেও তারা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী বলে জানিয়েছেন।
সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, “গত ২৪ অক্টোবর ৭৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গত ঘোষণা করা হয়। যেখানে সাবেক যুবলীগ নেতা মহসিন শেখকে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া এনসিপির কর্মকাণ্ডে যুক্তদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
“কমিটিতে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাই আমিসহ ৫৯ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছি। মূলত এখানে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করেছে বিভাগীয় উপ-কমিটি।”
