২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

২০২৩ সালের ২৬ জুন একটি গাছ থেকে নুর মহলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 09:25 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) হামিদুল ইসলাম দুলাল।

দণ্ড পাওয়া ফজল সরকার উপজেলার পানাইগাতী গ্রামের প্রয়াত ছবদের আলীর ছেলে।

মামলার বরাতে এপিপি হামিদুল ইসলাম বলেন, উপজেলা ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের আব্দুর রউফ খন্দকারের মেয়ে নুর মহলের সঙ্গে ফজল সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল।

২০২১ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। পরে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তারা আবার বিয়ে করে সংসার শুরু করেন। ২০২৩ সালের ২৬ জুন উপজেলার লক্ষীখোলা ব্রিজের পাশে একটি ইউক্যালিপটাস গাছ থেকে নুর মহলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নুর মহলের ভাই ইয়াকুব হোসেন বাদী হয়ে ফজলকে আসামি করে মামলা করেন বলে জানান এপিপি।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।