কুষ্টিয়ায় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ, ছড়িয়েছে ভিডিও
বিষয়টি আগেই পুলিশকে জানিয়েছিলেন বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা।
কুষ্টিয়া শহরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, সোমবার গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শ করেছেন।
ভিডিওতে একজনকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের পক্ষে স্লোগান দিতে শোনা গেছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, “এটি একটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা যে ঘটবে তা আগে থেকেই জানতে পেরেছি।”
বিষয়টি আগেই পুলিশকে জানিয়েছিলেন বলে দাবি করেন আলমাস।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় যারাই জড়িত থাক তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানালেন ওসি।
