খাগড়াছড়িতে কিশোরীকে ‘ধর্ষণ’: চার আসামি ৩ দিনের রিমান্ডে
২৭ জুন অষ্টম শ্রেণির ওই কিশোরী ‘দলবেঁধে ধর্ষণের’ শিকার হয় বলে জানায় পুলিশ।
খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ মামলায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার দুপুরে দিকে খাগড়াছড়ির আমলি আদালতের বিচারক মাজেদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা।
রিমান্ড পাওয়ারা হলেন- ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩২)।
আইনজীবী সৃজনী ত্রিপুরা বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এর আগে ২৭ জুন অষ্টম শ্রেণির ওই কিশোরী ‘দলবেঁধে ধর্ষণের’ শিকার হয়। তবে বুধবার রাতে ঘটনাটি জানতে পারেন স্বজনরা। পরে রাতেই ওই কিশোরীর বাবা থানায় মামলা করেন। মামলা পরপর রাতেই ছয় আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অন্য দুই আসামি হলেন- মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩)। তারা পলাতক আছেন।
বর্তমানে ওই কিশোরী চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনার পরপর চারজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুই আসামিও শীঘ্রই ধরা পড়বেন।
