গাজীপুরে ‘পেট্রোল বোমায়’ দগ্ধ নানির মৃত্যু, নাতনিও ভালো নয়
সানজিদার বাবা জানান, মেয়ের অবস্থাও খুব একটা ভালো নয় বলে চিকিৎসক তাকে জানিয়েছেন।
গাজীপুর সদর উপজেলায় ‘পারিবারিক বিরোধের জেরে’ নিক্ষিপ্ত পেট্রোল বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে দগ্ধ হওয়ার সাতদিন পর নানির মৃত্যু হয়েছে; নাতনির অবস্থাও তেম ভালো নয়। এ ঘটনার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বলে জানান জয়দেবপুর থানার ওসি মো. মাহতাব উদ্দিন।
মৃত বেবী বেগম (৫৫) ঝালকাঠির নলছিটি উপজেলার কাণ্ডপাশা গ্রামের ইউনুস তালুকদারের স্ত্রী।
গ্রেপ্তাররা হলেন শুভ (২০) এবং তার সঙ্গী সাব্বির (২৭)।
ওসি মাহতাব উদ্দিন বলেন, ২০ জুন পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করে। পরে ২২ জুন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শুভকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৯ জুন বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা মিনাপাড়ায় ‘পারিবারিক বিরোধের জেরে’ স্কুলছাত্রী সানজিদা ও তার নানিকে পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায় দুজন হামলাকারী।
আহতদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেছিলেন, দগ্ধ দু্জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীর ৬০ শতাংশ পুড়ে গেছে।
আহতদের স্বজনরা জানান, সানজিদার মা মারা যাওয়ার পর শফিকুল ইসলাম মোসা. মনিরা বেগমকে বিয়ে করেন। মনিরা বেগমের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামীর বাড়ি নরসিংদী। মনিরার প্রথম ঘরে শুভ মিয়া নামে এক ছেলে রয়েছে।
শুভ মিয়া কিছুদিন আগে একটি মেয়েকে শফিকুলের বাড়িতে নিয়ে আসেন। এটি জানতে পেরে শুভকে বাড়ি থেকে বের করে দেন শফিকুল। এ নিয়ে পারিবারিক বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে মনিরা বেগমও বাড়ি থেকে চলে যান। এর ১০-১২ দিন পর মনিরা বেগম তালাকনামা পাঠিয়ে দেন।
এরপর শফিকুল সন্তানদের দেখাশুনার জন্য প্রথম পক্ষের শাশুড়ি অর্থাৎ সানজিদার নানি বেবী বেগমকে বাড়িতে নিয়ে আসেন।
রোববার দুপুরে বেবী বেগম নাতনি সানজিদাকে নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে দুজনই দগ্ধ হয়।
ওই ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে শুভ ও সাব্বিরসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
শফিকুল ইসলাম জানান, শনিবার রাত ৮টার দিকে তার শাশুড়ি হাসপাতালে মারা গেছেন।
তার মেয়ের অবস্থাও খুব একটা ভালো নয় বলে চিকিৎসক তাকে জানিয়েছেন।
