ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দোকানে, শিক্ষার্থী নিহত
এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
ফেনীর ফুলগাজী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়েছে; এতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-বিলোনিয়া সড়কে উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।
নিহত তাসিন উদ্দিন (১৫) উপজেলার সদর ইউনিয়নের মধ্যেম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আহতদের মধ্যে পরশুরাম উপজেলার আম্বিয়া বেগম, একই উপজেলার সাহেব নগরের জয়নাল আবেদীন, দাগনভূঞা উপজেলার বেলাল হোসেন এবং ভোলার নাছির উদ্দীন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছেন। আহতদের সকলের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস পথে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীকে চাপা দিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষার্থী তাসিন উদ্দিন মারা যায়।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে অন্তত পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়।
ওসি ওয়াহিদ পারভেজ বলেন, শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
