১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ডেভিল হান্ট ফেজ-২’: টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

পুলিশের গাড়ি ভাঙচুর এবং এনসিপির সমাবেশকে হামলা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

‘ডেভিল হান্ট ফেজ-২’: টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 09:46 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার পাটগাতী বাজার, কুশলী ও শ্রীরামকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর এবং এনসিপির সমাবেশকে হামলা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে এদিন দুপুরে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিজিৎ কুমার সাহা (৪৫), পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম শেখ (৪৮), কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওমর (৪৫) এবং আওয়ামী লীগ নেতা আলম শেখ (৫০)।

ওসি আইয়ুব আলী বলেন, গ্রেপ্তারদের মধ্যে জানে আলম ও ওমরকে গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল ও কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া অভিজিৎ ও আলমকে ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা জনিত কারণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।